Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশফেরত যাত্রীর লাগেজে এয়ারগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫

বিদেশফেরত যাত্রীর লাগেজে এয়ারগান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর লাগেজ থেকে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগানসহ বিভিন্ন শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ২০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা ফিটসএয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম নূর হোসেন, তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।  

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গ্যাসচালিত এয়ারগান পাওয়া যায়, যা ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকানো হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে ধরা না পড়ে। এছাড়া তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী ও দুই লিটার পারফিউম জব্দ করা হয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হোসেন জানিয়েছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। বিষয়টি অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বলেন, “গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়ে পৃথকভাবে তদন্ত করা হবে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে অস্ত্র আইন ও শুল্ক ফাঁকির অভিযোগে আলাদা তদন্ত শুরু হবে।

Logo