হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে: ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪
হজযাত্রীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ২০ ফেব্রুয়ারি সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই কাজ করে যাব, যাতে হজযাত্রীরা সব সুবিধা ভোগ করতে পারে। আল্লাহর রহমতে এবার অতীতের তুলনায় আরো ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসন থেকে জয়ী হয়ে তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় এসে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সচেতন বলেও জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা বদ্ধপরিকর, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে।”
ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব। আমরা শতভাগ চেষ্টা করব। যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদের আইনের আওতায় আনা হবে।"
logo-1-1740906910.png)