কক্সবাজারের টেকনাফে সাগরের নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী, শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে মানব পাচার চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহারছড়া আউটপোস্ট, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়। পাচারচক্রের পাঁচ সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করছিল। উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে তারা টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করেছিল। সাগরপথে তাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)