সৌদি আরব থেকে দেশে ফেরত আসা এক নারীর পরিচয় ও পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছে না। বর্তমানে তিনি ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের হেফাজতে রয়েছেন।
১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তখন তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের ফোন নম্বর কিছুই মনে করতে পারছিলেন না। বিমানবন্দরে ঘোরাফেরা করতে দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে নিরাপদ আবাসনের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করেন।
ব্র্যাক জানিয়েছে, ওই নারীর কাছে কোনো পাসপোর্ট, পরিচয়পত্র বা ব্যক্তিগত নথি পাওয়া যায়নি। শুধু বিমানের একটি টিকিটে তার নাম লেখা ছিল রিজিয়া বেগম, পিতা/স্বামী: আব্দুর নুর। ধারণা করা হচ্ছে, তিনি জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সেইফ হোম থেকে দেশে ফিরেছেন। তবে তিনি নিজের পরিচয় সম্পর্কে কিছু বলতে পারছেন না।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানিয়েছেন, গত সাত দিন ধরে তাকে মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয়েছে। মনোসামাজিক কাউন্সেলররা তার সঙ্গে নিয়মিত কথা বলছেন, কিন্তু তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না।
যদি কেউ এই নারীর পরিচয় বা তার পরিবারের সন্ধান জানেন, তবে অবিলম্বে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়নের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭১২-১৯৭৮৫৪।
সৌদি ফেরত এই নারী বর্তমানে নিরাপদ আশ্রয়ে থাকলেও তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানবিক কারণে গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে দ্রুত তার পরিবারকে খুঁজে পাওয়া যায় এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
logo-1-1740906910.png)