বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৈনিক সমকালের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মোদি তার পাঠানো বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে উল্লেখ করেছেন মোদি।
নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ ও ভারত দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। তারা একে অপরের টেকসই উন্নয়নে অনুঘটক হয়ে উঠতে পারে এবং পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে সহযোগিতা করতে পারে। বার্তার শেষে তিনি তারেক রহমানকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। মোদি বলেন, “ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।”
এর আগে গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান। নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, দুজনের মধ্যে ফোনালাপও হয়েছে। সেই পোস্টে মোদি লিখেছিলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তিনি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন।
মোদি আরো বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এই সফর আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।
logo-1-1740906910.png)