যেসব জেলা থেকে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়নি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫
তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী স্থান পাননি। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। তবে মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা এবার মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হয়েছে।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী জেলা থেকে এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। অতীতে মওদুদ আহমদের মতো নেতারা এ জেলা থেকে মন্ত্রী ছিলেন। একইভাবে আওয়ামী লীগ–অধ্যুষিত গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকেও কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়নি। যদিও গোপালগঞ্জে এবার প্রথমবার বিএনপি তিনটি আসনে জয় পেয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী থেকে একজন করে প্রতিমন্ত্রী হয়েছেন। এর মধ্যে সাবেক নেতা কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর থেকে প্রতিমন্ত্রী হয়েছেন।
উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকেও কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় বিএনপি কোনো আসন জিততে না পারায় এসব জেলা থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়নি। তবে রংপুর বিভাগে বিএনপি তুলনামূলক কম আসন পেলেও মন্ত্রিসভায় ওই অঞ্চলের আধিক্য দেখা গেছে। ঠাকুরগাঁও থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণ মন্ত্রী হয়েছেন। দিনাজপুর থেকে এ জেড এম জাহিদ হোসেন, লালমনিরহাট থেকে আসাদুল হাবিব দুলু মন্ত্রী হয়েছেন। পঞ্চগড় থেকে ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হয়েছেন।
রাজশাহী বিভাগে বিএনপি বিপুল আসন জয় করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বগুড়ার সন্তান হওয়ায় এ বিভাগে মন্ত্রিত্বের আধিক্য দেখা গেছে। সিরাজগঞ্জ থেকে ইকবাল হাসান মাহমুদ, রাজশাহী থেকে মিজানুর রহমান মিনু মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েছেন বগুড়ার মীর শাহে আলম, নাটোরের ফারজানা শারমিন, জয়পুরহাটের আবদুল বারী ও সিরাজগঞ্জের এম এ মুহিত।
ঢাকা জেলা থেকেও এবার মন্ত্রিত্বে শূন্যতা রয়েছে। রাজধানী ঢাকা থেকে শেখ রবিউল আলম পূর্ণ মন্ত্রী হয়েছেন। তবে ঢাকার আশপাশের জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। অথচ অতীতে এসব জেলা থেকে একাধিক নেতা মন্ত্রী ছিলেন। নারায়ণগঞ্জে চারজন বিএনপি প্রার্থী জয়ী হলেও কেউ মন্ত্রী হননি। গাজীপুর থেকেও এবার কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই।
logo-1-1740906910.png)