সরকারি খরচে বিনামূল্যে প্রশিক্ষণ; হাজার ডলার আয়ের সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের জন্য বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে সরকার। ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ভর্তি প্রক্রিয়া চলছে। নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণটি তিন মাস মেয়াদি, মোট ৬০০ ঘণ্টার। পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ; খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া; রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়; বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারের যুবক-যুব নারীরা আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণে অংশ নিতে হলে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। প্রতি ব্যাচে অন্তত ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞানসম্পন্ন এবং নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করতে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজন হবে।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। প্রতিদিন প্রশিক্ষণার্থীরা ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ ৩ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখিত পরীক্ষা হবে ৬ মার্চ, আর মৌখিক পরীক্ষা ৭ মার্চ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১০ মার্চ। লিখিত পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।
সরকারের এই উদ্যোগকে কর্মসংস্থান সৃষ্টির একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশিক্ষণ শেষে দক্ষ হয়ে ওঠা তরুণরা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। এটি শুধু ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
logo-1-1740906910.png)