নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিসহ ১৩ সরকারপ্রধানকে আমন্ত্রণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ মোট ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
বিএনপি সূত্রে জানা গেছে, ওই দিন সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এক মুখপাত্র ১৭ ফেব্রুয়ারিকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠন দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তার উপস্থিতির সম্ভাবনা কম। পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন।
বিশ্লেষকদের মতে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। অতীতে বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কিছুটা জটিল থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ ও স্থিতিশীলতার ওপর জোর দিয়ে আসছেন।
logo-1-1740906910.png)