Logo
×

Follow Us

বাংলাদেশ

নতুন সরকার গঠন এক দুই দিনের মধ্যেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

নতুন সরকার গঠন এক দুই দিনের মধ্যেই

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতা নবনির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে চায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের শপথ আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।  

সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন এবং এরপর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। এ কারণে রাজনৈতিক অঙ্গনে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থান রয়েছে।  

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনকে দিয়ে শপথ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন।  

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। সব আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ফলাফল বিবরণী পাওয়ার পরই গেজেট প্রকাশের ব্যবস্থা করা হবে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বিবরণী আসতে শুরু করেছে।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে।  

বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯ আসনে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিকেরা পেয়েছে ৯ আসন।  

আইন বিশ্লেষকরা বলছেন, শপথ নিয়ে কিছু জটিলতা রয়েছে। সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভাঙার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। কিন্তু এবারের নির্বাচন প্রায় দেড় বছর পর অনুষ্ঠিত হয়েছে। প্রথমে তফসিলে ১২৩ অনুচ্ছেদের উল্লেখ থাকলেও পরে তা বাদ দেওয়া হয়। ফলে শপথের বিষয়টি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সমাধান করা যেতে পারে।  

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবেন। এতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং বাংলাদেশ নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

Logo