ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবী যারা ভোটের দায়িত্বে নিয়োজিত এবং কারাগারে বন্দিদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি সকাল সোয়া ৯টা পর্যন্ত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে মোট ভোট দিয়েছেন ১০ লাখ ৯৬ হাজার ২৮৪ জন। এর মধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন প্রবাসী। বাকিরা দেশের অভ্যন্তরে থেকে পোস্টাল ভোট দিয়েছেন।
‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন। এর মধ্যে পাঁচ লাখ সাত হাজার ৩২৭ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা পেয়েছেন চার লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট।
দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। সারাদেশে সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ছয় লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন পাঁচ লাখ ৮০ হাজার ৬৬৫ জন। পাঁচ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট ডাকঘরে জমা দিয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন চার লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট।
পোস্টাল ভোট বিডির ওয়েবসাইট অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও দেশের বাইরে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
logo-1-1740906910.png)