জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ও অনলাইন লেনদেনে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১২ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর চার দিনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। ফলে আবারো স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকরা।
নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে কেন্দ্রীয় ব্যাংক ৮ ফেব্রুয়ারি রাত থেকে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছিল। নির্দেশনায় বলা হয়েছিল, এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে। একই সঙ্গে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতায় ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সীমাবদ্ধতা কার্যকর থাকাকালে অনেক গ্রাহক আর্থিক লেনদেনে সমস্যায় পড়েন। বিশেষ করে জরুরি অর্থ পাঠানো ও গ্রহণে অসুবিধার অভিযোগ ওঠে। তবে মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন সেবা বিল পরিশোধের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি, সেগুলো স্বাভাবিক নিয়মেই চলেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, নির্ধারিত ৯৬ ঘণ্টা শেষ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন আগের নিয়মেই পরিচালিত হবে।
নির্বাচনকালীন নিরাপত্তা ও অর্থ ব্যবহারের নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ শেষ হওয়ায় আবারো স্বাভাবিক লেনদেনে ফিরেছে মোবাইল ব্যাংকিং খাত। বিকাশ, নগদ ও রকেটের কোটি গ্রাহক এখন আগের মতোই সহজে লেনদেন করতে পারছেন।
logo-1-1740906910.png)