Logo
×

Follow Us

বাংলাদেশ

নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় ইংল্যান্ড প্রবাসীর কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪

নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় ইংল্যান্ড প্রবাসীর কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার ঘটনায় গোলাম রসুল নামে এক ইংল্যান্ড প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রহুল আমীন জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে ঢুকে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।  

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে গোলাম রসুলকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় আহাদুর রহমানের ছেলে এবং দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করছেন।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৮৯। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয়ভাবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে জানা গেছে।  

ভোটকেন্দ্রে ব্যালট ছিঁড়ে ফেলার মতো ঘটনা নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে। দ্রুত ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকর হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসন জানিয়েছে, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Logo