শিক্ষার্থী নেতৃত্বাধীন গণআন্দোলনের পর শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের অবসান ঘটিয়ে ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সময় শেষে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিশ্ব গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। ভারত, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, ডয়েচে ভেলে, নিউ ইয়র্ক টাইমস, আল-জাজিরা ও সিনহুয়া এ নির্বাচন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসি লাইভ কাভারেজে জানিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন, গণভোট নিয়ে মানুষের বিভ্রান্তি এবং তরুণ ভোটারদের প্রাধান্য এবারের নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্য। তারা উল্লেখ করেছে, ১৭ বছর পর বাংলাদেশিরা সত্যিকারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে এসেছে, হাসিনাবিরোধী আন্দোলনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ভোটারদের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে। পোশাক খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতার প্রভাবও তারা তুলে ধরেছে।
গার্ডিয়ান বিএনপি প্রধান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে উল্লেখ করেছে। তারা লিখেছে, দুর্নীতির বিরুদ্ধে ‘নো টলারেন্স’ নীতি ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি ভোটারদের আকর্ষণ করছে। তবে জামায়াত ও ইসলামী জোটকে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
ডয়েচে ভেলে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণের খবর দিয়েছে। তারা উল্লেখ করেছে, আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় তরুণদের আগ্রহ আরো বেড়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসেছে, গণআন্দোলন-পরবর্তী তরুণ নেতৃত্বের আকাঙ্ক্ষা এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে খুলনায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ও গোপালগঞ্জে হাতবোমা হামলার খবর গুরুত্ব পেয়েছে। এনডিটিভি মৌলভীবাজারে এক হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর খবর প্রকাশ করেছে। চীনা গণমাধ্যম সিনহুয়া গোপালগঞ্জে বোমা হামলার খবর দিয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম ডন রয়টার্সের প্রতিবেদন উদ্ধৃত করে বাংলাদেশের ভোট উৎসবের কথা জানিয়েছে। আল-জাজিরা লাইভ কাভারেজে অনলাইন গুজব, সেনাপ্রধানের আহ্বান এবং বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ তুলে ধরেছে।
বাংলাদেশের নির্বাচন শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশ্ব গণমাধ্যমে ভোটারদের দীর্ঘ লাইন, গণভোট নিয়ে বিভ্রান্তি, তরুণদের অংশগ্রহণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার আকাঙ্ক্ষা বিশেষভাবে উঠে এসেছে। এতে স্পষ্ট, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
logo-1-1740906910.png)