নির্বাচনে নতুন সরকার; চ্যালেঞ্জ দুর্নীতি ও কর্মসংস্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। অর্থনীতিবিদদের মতে, স্থিতিশীলতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। নির্বাচিত সরকারকে প্রথম দিন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে ১০০ দিনের একটি অর্থনৈতিক কর্মসূচি হাতে নিতে হবে। এতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, রাজস্ব ঘাটতি কমানো, বিনিয়োগের পরিবেশ তৈরি এবং কর্মসংস্থান বাড়ানোর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষকে দিশেহারা করে তুলেছে। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে জনঅসন্তোষ বাড়বে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান বাড়াতে হবে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর চাপও মোকাবিলা করতে হবে।
দেশের ব্যাংক খাত পাহাড়সম খেলাপি ঋণ ও তারল্য সংকটে ভুগছে। পুঁজিবাজারেও আস্থার সংকট দেখা দিয়েছে। অর্থনীতিবিদ এম কে মুজেরী মনে করেন, সংস্কার ছাড়া বিনিয়োগ বাড়ানো কিংবা কর্মসংস্থান তৈরি করা সম্ভব নয়। তিনি বলেন, নতুন সরকারকে সামাজিক নিরাপত্তা খাত প্রসারিত করতে হবে এবং আয়-ব্যয়ের বৈষম্য কমাতে হবে।
অর্থনীতিবিদরা একমত, দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া কোনো পদক্ষেপই কার্যকর হবে না। বিনিয়োগ, কর্মসংস্থান কিংবা রাজস্ব আয়; সবকিছুই দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হয়। তাই নতুন সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে।
সাধারণ মানুষ আশা করছে, নতুন সরকার নিত্যপণ্যের দাম কমাবে এবং কর্মসংস্থান বাড়াবে। কিন্তু বাস্তবে রাজস্ব ঘাটতি, বৈদেশিক মুদ্রার সংকট ও বিনিয়োগের দুর্বল পরিবেশ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না, আর কর্মসংস্থানও তৈরি হবে না।
নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে যদি সরকার ১০০ দিনের কার্যকর অর্থনৈতিক কর্মসূচি হাতে নেয়, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণ সম্ভব হবে। অন্যথায় অর্থনীতি আরো বড় সংকটে পড়তে পারে।
logo-1-1740906910.png)