Logo
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় নির্বাচন ও গণভোটে টানা ছুটি শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০

জাতীয় নির্বাচন ও গণভোটে টানা ছুটি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টানা চার দিনের সরকারি ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে থাকবেন। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ছুটি, আর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।  

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরো দীর্ঘ হবে। নির্বাচন ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকায় মোট পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছুটিতে থাকবে।    

শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রয়োজনে ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে। এর মাধ্যমে শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে।  

২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকবে।  

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।  

জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি অফিসে চার দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের টানা ছুটি দেশের কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য এক বিরল বিরতি হয়ে আসছে।

Logo