Logo
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় নির্বাচন উপলক্ষে বেনাপোলে যাত্রী চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮

জাতীয় নির্বাচন উপলক্ষে বেনাপোলে যাত্রী চলাচল বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে।  

১৯৪৭ সাল থেকে এই রুটে পাসপোর্টযাত্রীদের যাতায়াত শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে ঝড়-বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা কিংবা করোনা ভাইরাস মহামারির সময়ও এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। তবে এবার জাতীয় নির্বাচনের কারণে প্রথমবারের মতো পুরোপুরি ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করা হচ্ছে।   

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, নির্বাচনের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে যাত্রী চলাচল বন্ধ রাখা হচ্ছে।  

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ তারিখ সারাদিন কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না। আগে প্রতিকূল পরিস্থিতিতে গুরুতর অসুস্থ যাত্রীদের সীমিত আকারে পারাপারের সুযোগ দেওয়া হতো, কিন্তু এবার সে সুযোগও থাকছে না।  

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টার পর থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় যাত্রী চলাচল শুরু হবে।  

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ হচ্ছে, যা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের বিশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Logo