আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণা শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে দেশে ও বিদেশে থাকা ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৭ লাখ ৬১ হাজার ৩৮ জন প্রবাসী।
ইসি জানিয়েছে, ১২৩টি দেশে প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি ব্যালট পাঠানো হয়েছিল। তবে ঠিকানা জটিলতা ও অন্যান্য কারণে ১২ হাজার ১৭০টি ব্যালট পৌঁছায়নি। অবশিষ্ট ব্যালটের মধ্যে ৫ লাখ ১ হাজার ৮৬২ জন প্রবাসী ভোট দিয়েছেন। তবুও আড়াই লাখের বেশি প্রবাসী ভোটার এখনো ভোট দেননি, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন বলেছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে পৌঁছানো ব্যালট গ্রহণ করা হবে না। তবে সেগুলো সংরক্ষণ করা হবে এবং সংখ্যা প্রকাশ করা হবে। পোস্টাল ব্যালট গণনা শেষে সাধারণ ভোট কেন্দ্রের ফলাফলের সঙ্গে একত্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফল ঘোষণা করবেন। পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত না করে কোনোভাবেই চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে না।
ইসি সংশ্লিষ্টরা আশা করছেন, সবকিছু স্বাভাবিক থাকলে সাধারণ ভোট কেন্দ্র ও পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে নির্বাচনের দিন বা পরদিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
logo-1-1740906910.png)