নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২
আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার। এই সরকারের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অংশীদারিত্ব ও মসৃণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশ সফরে আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। মার্চের শুরুতে তার ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ফেব্রুয়ারিতে তাকে এ পদে মনোনীত করেন এবং অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।
সূত্র জানায়, ৬ থেকে ৯ মার্চের মধ্যে ঢাকা সফরের আগ্রহ ব্যক্ত করেছেন পল কাপুর। সফরের উদ্দেশ্য হলো নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হলে মার্চের শুরুতেই তিনি আসবেন।
গত বছরের জুনে সিনেটের শুনানিতে পল কাপুর বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। তিনি নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণে কাজ করার প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করেছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অভিবাসন নীতি নিয়ে আলোচনা হয়। তিনি স্পষ্ট করেছেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে অবস্থান নেবে না; বিজয়ী সরকারের সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন।
মার্কিন রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। পাশাপাশি সহিংসতা মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।
logo-1-1740906910.png)