৩৮ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৮ মাস পর আবারো ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ৭ ফেব্রুয়ারি মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে, অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান। এতে হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি। এর ফলে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের শুরু থেকে ৯ তারিখ পর্যন্ত বাজার থেকে ৪৭৩ কোটি ডলার কিনেছে। এই ক্রয় কার্যক্রমও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।
গত জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর দায় শোধের কারণে রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমেছিল। বিপিএম৬ অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। আকুর দায় শোধের আগে গ্রস রিজার্ভ উঠেছিল ৩৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, তখন তা দাঁড়িয়েছিল ৪৮ বিলিয়ন ডলার। তবে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ধারাবাহিকভাবে ডলার বিক্রির কারণে রিজার্ভ নেমে যায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ পাচারে কড়াকড়ি আরোপ করায় বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে, যা রিজার্ভ পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখছে।
logo-1-1740906910.png)