আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ব্যবহারের আশঙ্কা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে এবং মোট সীমা থাকবে ১০ হাজার টাকা। মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অপরিবর্তিত থাকবে। তবে অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ব্যাংক ও এমএফএস প্রোভাইডারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো লেনদেন হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের জন্য নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে ব্যাংক ও এমএফএস প্রোভাইডারদের। নির্ধারিত সময় শেষে স্বাভাবিক লেনদেন আবার চালু হবে।
বর্তমান নিয়মে একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জমা রাখা যায়। এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক ৩০ হাজার এবং মাসে দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। কিন্তু নির্বাচনের সময় এই সীমা কঠোরভাবে কমিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে নির্বাচনকালীন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কিছুটা অসুবিধা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
logo-1-1740906910.png)