Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬

সৌদি কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

দীর্ঘ পাঁচ বছর পর সৌদি আরব থেকে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী মাকসুদ আখঞ্জি। তবে তার এই ফেরা ছিল বিশেষ আড়ম্বরপূর্ণ। সঙ্গে নিয়ে এসেছেন তার সৌদি নিয়োগকর্তা (কফিল) মিশাল আমি য়ামীকে। ৭ ফেব্রুয়ারি দুপুরে তারা ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের রামনগর গ্রামে পৌঁছান।  

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে রাজনগর গ্রাম সংলগ্ন মাঠে হেলিকপ্টার অবতরণ করলে আশপাশের মানুষ উল্লাসে ফেটে পড়েন। মাকসুদের বাবা শাহ আলম আখঞ্জিসহ গ্রামবাসীরা সৌদি অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।  

মাকসুদ জানান, তিনি গত পাঁচ বছর ধরে রিয়াদে মিশাল আমি য়ামীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছেন। সততা ও কর্মদক্ষতার কারণে কফিলের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। মাকসুদ বলেন, “আমার কফিল খুব ভ্রমণপিপাসু। প্রায়ই বলতেন, বাংলাদেশ দেখতে আসবেন। তার সম্মানে হেলিকপ্টার ভাড়া করে গ্রামে নিয়ে আসা হয়েছে।”  

প্রথমবার বাংলাদেশে এসে মিশাল আমি য়ামী বলেন, “মাকসুদ খুব ভালো ছেলে। সে আমার ব্যবসা দেখাশোনা করে। বাংলাদেশ সুন্দর দেশ। এখান থেকে আমি আরো সৎ ও পরিশ্রমী শ্রমিক নিতে চাই।” তিনি বারবার ‘মাশাআল্লাহ’ বলে বাংলাদেশের প্রশংসা করেন।  

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, “মাকসুদ আমাদের এলাকার গর্ব। বিদেশে মালিকের সঙ্গে এমন সুসম্পর্ক দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রতিটি প্রবাসীর উচিত মাকসুদের মতো সততার পরিচয় দেওয়া।”  

পারিবারিক সূত্রে জানা গেছে, মিশাল আমি য়ামী এক সপ্তাহ মাকসুদের বাড়িতে থাকবেন এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। সফর শেষে তারা একসাথে সৌদি আরবে ফিরে যাবেন।

Logo