ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিভিন্ন আসনে চলছে জমজমাট প্রচারণা। এই প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিতে বিপুলসংখ্যক প্রবাসী দেশে ফিরেছেন।
মৌলভীবাজারে প্রবাসী অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারণা এখন যেন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে। জানা গেছে, জাতীয় নির্বাচনের মনোনয়ন দাখিলের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিএনপি ঘরানার মানুষ নিজ জেলা মৌলভীবাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে মৌলভীবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমানের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে ৪০ জনের বেশি প্রবাসী নেতা দেশে এসেছেন। তারা দিন-রাত লিফলেট বিতরণ ও জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এ আসনে এম নাসের রহমান বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ বিলাল, জামায়াতের আব্দুল মান্নান এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মনোনীত কমিউনিস্ট পার্টির জওহরলাল দত্ত। জামায়াতের জোট প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে ইসলামী সংগঠনের ভোটাররা বিভক্ত হয়ে পড়েছেন। স্থানীয়রা মনে করছেন, এতে বিএনপি প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
প্রবাসী নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মাহিদুর রহমান, কানাডা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনসহ আরো অনেকে। তারা মাঠে নেমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কানাডা যুবদল নেতা সুহেলুজ্জামান খান বলেন, প্রায় ১৬ বছর পর দেশে গণতান্ত্রিক পরিবেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই তারা ভোটাধিকার প্রয়োগে জনগণকে উৎসাহিত করছেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান জানান, প্রচুর প্রবাসী নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে মৌলভীবাজারে এসেছেন। তারা শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিদিন জনসংযোগ করছেন, এতে নির্বাচনী আমেজ আরো বেড়েছে।
অন্যদিকে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিকের পক্ষেও উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী মাঠে নেমেছেন। তারা গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
logo-1-1740906910.png)