Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশিরা ভিসা পান না, এ দায় আমার নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪

বাংলাদেশিরা ভিসা পান না, এ দায় আমার নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিদেশে ভিসা না পাওয়া কোনো ব্যক্তিগত বা কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নয়, বরং এটি দেশের সামগ্রিক সিস্টেমের দায়। তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এ দায় স্বীকার করতে রাজি না আমি। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়।”  

৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু আমরা নিজেদের দোষে তা কাজে লাগাতে পারছি না। ভিসা বা অ্যাডমিশন; সবকিছুই কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। যদি দেখা যায়, কেউ বিদেশে গৃহকর্মীর চাকরি করতে গেছেন অথচ তার ভিসায় লেখা আছে ফ্রন্ট অফিসার ম্যানেজার, তাহলে সেটি ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। তিনি সতর্ক করে বলেন, যতক্ষণ না আমরা নিজেদের ঘর গোছাতে পারছি, ততক্ষণ এ সমস্যার সমাধান হবে না, বরং সামনে আরো দুঃসময় আসতে পারে।  

এ সময় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তার মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পর্কটি থমকে গেছে। তিনি বলেন, “আমরা তাদের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম। এখানে সফল হয়েছি, তা বলতে পারি না। কারণ দুই পক্ষই নিজেদের স্বার্থ চিন্তা করেছে। স্বার্থের ধারণায় তফাৎ থাকায় অনেক ক্ষেত্রে এগোতে পারিনি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরবর্তী সরকার অবশ্যই ভারত-বাংলাদেশ সম্পর্ককে মসৃণ করবে।

সাংবাদিকরা বিদায়ের সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকার যে চুক্তি সই করছে, তা পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কিনা- এমন প্রশ্ন করলে তিনি বলেন, “আমি উল্টোটা মনে করি। আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।”  

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জালিয়াতি ও অনিয়ম দূর না হলে ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।

Logo