বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের জন্য ভিসার আবেদন শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। সৌদি আরবের নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক সব হজযাত্রীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রীকে এ বছর হজে পাঠানো হবে না। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ নিবন্ধিত সবাইকে আগামী ২০ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরই তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার আবেদন করতে পারবেন।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ফিটনেস সনদ ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হজযাত্রীদের সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো জটিলতা না হয়।
logo-1-1740906910.png)