Logo
×

Follow Us

বাংলাদেশ

শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জরুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০

শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জরুরি

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ এবং মানবিক মর্যাদা রক্ষায় প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ প্রতিশ্রুতি অপরিহার্য।  

দুবাইয়ে আয়োজিত আবুধাবি ডায়ালগ-২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্বকালে ১ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি এ প্ল্যাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকরী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। বার্তা সংস্থা বাসস এ সংবাদ প্রকাশ করেছে। 

উপদেষ্টা ড. আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তিনি দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, ভিসা সীমিতকরণের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ কমে গেছে এবং প্রবাসীরা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। এ সমস্যা নিরসনে তিনি আমিরাত সরকারের সহযোগিতা কামনা করেন।  

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে যেমন অবদান রাখছেন, তেমনি গন্তব্য দেশগুলোর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে কিছু কর্মী এখনো শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা যৌথ উদ্যোগে সমাধান করা সম্ভব।  

তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরেন। যেমন- শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।  

এছাড়া তিনি পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এবং ফিলিপাইনের মাইগ্র্যান্ট ওয়ার্কার্স বিভাগের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।  

উল্লেখ্য, ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল ফেস্টিভ্যাল সিটিতে আবুধাবি ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা উদ্বোধন করা হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামি সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।

Logo