ভারতের বাজেটে বাংলাদেশের জন্য সাহায্য বরাদ্দ অর্ধেক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
ভারত নতুন অর্থবছরের বাজেটে বহিরাগত সাহায্যের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। ইরানের চাবাহার বন্দর উন্নয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি এবং বাংলাদেশের জন্য উন্নয়ন সহযোগিতা বরাদ্দ অর্ধেকে নেমে এসেছে। বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি, যা ২০২৬-২৭ সালে কমে দাঁড়িয়েছে মাত্র ৬০ কোটি রুপিতে। ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্থান টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।
চাবাহার বন্দর উন্নয়নে গত অর্থবছরে বরাদ্দ ছিল ১০০ কোটি রুপি, পরে তা সংশোধন করে ৪০০ কোটি রুপি করা হয়। কিন্তু চলতি বাজেটে বরাদ্দ শূন্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে চাবাহার প্রকল্পের জন্য ছয় মাসের ছাড় দিয়েছিল, যা এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
অন্যদিকে, ভুটান আবারও ভারতের বহিরাগত সাহায্যের সবচেয়ে বড় অংশ পেয়েছে। দেশটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৮৮ কোটি রুপি, যা আগের বছরের ২ হাজার ১৫০ কোটি রুপির চেয়ে কিছুটা বেশি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ১১৯ কোটি রুপি, যা আগের বছরের ২০ হাজার ৫১৭ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এর মধ্যে বিদেশি উন্নয়ন সহযোগিতা খাতে বরাদ্দ ৬ হাজার ৯৯৮ কোটি রুপি, যা মন্ত্রণালয়ের মোট বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রতি কিছুটা শীতল হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। ভারতের নীতিনির্ধারকরা মনে করছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হবে।
অন্যান্য দেশের জন্য বরাদ্দের মধ্যে রয়েছে নেপাল ৮০০ কোটি রুপি, মালদ্বীপ ৫৫০ কোটি রুপি, মরিশাস ৫৫০ কোটি রুপি, শ্রীলঙ্কা ৪০০ কোটি রুপি, আফ্রিকার দেশগুলো ২২৫ কোটি রুপি এবং লাতিন আমেরিকার দেশগুলো ১২০ কোটি রুপি।
logo-1-1740906910.png)