বাংলাদেশের নিউজ আপডেট ১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত হতে পারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১
১। ডিসেম্বরের পর জানুয়ারি মাসেও রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এক মাসে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
২। নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন সীমিত করা হতে পারে। এ ক্ষেত্রে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হতে পারে ১ হাজার টাকা।
৩। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে রোববার এ কথা জানানো হয়েছে। সেই হিসেবে ছুটির দিন মিলিয়ে নির্বাচনকে ঘিরে টানা চার দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে।
৪। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
৫। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল। ডিপি ওয়ার্ল্ডের হাতে বন্দর তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো স্থবির রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর। শ্রমিক দলের ডাকে রোববারও সকাল ৮টা থেকে আট ঘণ্টা পরিচালন ও প্রশাসনিক কার্যক্রমে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। এই পরিস্থিতিতে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।
logo-1-1740906910.png)