বঙ্গোপসাগরে চলতি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও রাশিয়ার যৌথ নৌ মহড়া ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’। রাশিয়ার বৃহত্তম সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের শক্তিশালী যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ'সহ বিভিন্ন রণতরী।
শাপোশনিকভ একটি আধুনিক ফ্রিগেট, যা একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। প্রশান্ত মহাসাগর অঞ্চলে রাশিয়ার নৌবাহিনী নিয়মিত টহলে এই যুদ্ধজাহাজ ব্যবহার করে থাকে। মহড়ায় অংশ নিতে এটি ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দিয়েছে এবং ওমানের মাসকাট বন্দর অতিক্রম করেছে। মহড়া শেষে এটি ভারতের বিশাখাপত্তমে পৌঁছাবে ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে।
ভারতের নৌবাহিনী তিন মাস আগে এই মহড়ার ঘোষণা দিয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন জানান, বঙ্গোপসাগরে আন্তর্জাতিক নৌ মহড়া আয়োজনের মাধ্যমে ভারত তার কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করতে চায়।
এই মহড়ায় ভারত ও রাশিয়ার নৌবাহিনী যৌথভাবে বিভিন্ন কৌশলগত অনুশীলন করবে, যার মধ্যে থাকবে সাবমেরিন প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সমুদ্রপথে টহল এবং বহুজাতিক সহযোগিতা। বিশ্লেষকদের মতে, মহড়াটি শুধু সামরিক সক্ষমতা প্রদর্শন নয়, বরং ভারত-রাশিয়ার কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় করার একটি পদক্ষেপ।
বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য এই মহড়া দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলে ভূরাজনৈতিক ভারসাম্য ও নিরাপত্তা কৌশলে নতুন মাত্রা যোগ করবে।
logo-1-1740906910.png)