বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১
২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, আফগানিস্তান আবারো শীর্ষে রয়েছে সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশ হিসেবে। তালিকার নিচের দিকে রয়েছে সিরিয়া, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, নেপাল এবং বাংলাদেশসহ আরো কয়েকটি দেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধা পান। সিরিয়ার নাগরিকরা ২৬টি দেশে, ইরাকের নাগরিকরা ২৯টি দেশে এবং পাকিস্তান ও ইয়েমেনের নাগরিকরা ৩১টি দেশে এই সুবিধা পান। সোমালিয়ার নাগরিকরা ৩৩টি দেশে, নেপালের নাগরিকরা ৩৫টি দেশে এবং বাংলাদেশের নাগরিকরা মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এছাড়া ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও ফিলিস্তিনি ভূখণ্ডের নাগরিকরা ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
বাংলাদেশের অবস্থান নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৃহৎ প্রবাসী শ্রমবাজার থাকা সত্ত্বেও পাসপোর্টের শক্তি দুর্বলই রয়ে গেছে। এর প্রধান কারণ হলো সীমিত কূটনৈতিক সম্পর্ক, ভিসা ওভারস্টের আশঙ্কা এবং বড় দেশগুলোর সঙ্গে পারস্পরিক ভিসা সুবিধার অভাব। ফলে বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক ভ্রমণে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন।
অন্যদিকে আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের মতো দেশগুলোতে দীর্ঘদিনের সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নাগরিকদের ভ্রমণ স্বাধীনতা অত্যন্ত সীমিত। পাকিস্তান ও ইয়েমেনের ক্ষেত্রেও রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সমস্যার কারণে একই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমালিয়া ও নেপালের মতো দেশগুলোতে সীমিত কূটনৈতিক চুক্তি এবং দীর্ঘস্থায়ী সংঘাত পাসপোর্টের অবস্থানকে দুর্বল করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্বল পাসপোর্টধারীরা আন্তর্জাতিক ভ্রমণে কঠোর ভিসা প্রক্রিয়ার মুখোমুখি হন। এতে শিক্ষা, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে যায়। তারা বলছেন, কূটনৈতিক সম্পর্ক বাড়ানো, ভিসা চুক্তি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক আস্থা অর্জন ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয়।
logo-1-1740906910.png)