Logo
×

Follow Us

বাংলাদেশ

পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ 'বিশ্বচ্যাম্পিয়ন': ড. ইউনূস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৬

পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ 'বিশ্বচ্যাম্পিয়ন': ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট ও ভিসা জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে ‘চ্যাম্পিয়ন’। তার ভাষায়, “আমাদের সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা।”  

২৮ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচনকালে তিনি এ মন্তব্য করেন।  

ড. ইউনূস বলেন, মধ্যপ্রাচ্যের এক মন্ত্রী তাকে জানিয়েছেন, বাংলাদেশিদের প্রবেশাধিকার না দেওয়ার অন্যতম কারণ হলো ভুয়া কাগজপত্র। অনেকেই ভুয়া শিক্ষাগত সার্টিফিকেট নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তিনি উদাহরণ দেন, এক নারী ডাক্তার পরিচয়ে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তার সার্টিফিকেট ছিল জাল।  

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না। কিন্তু আমরা সেটি খারাপ কাজে লাগাচ্ছি। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি থাকে। কিন্তু এই ক্রিয়েটিভিটি সৎ কাজে ব্যবহার করতে হবে।”  

তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তি যদি জালিয়াতির কাজে ব্যবহার হয়, তবে তা দেশের জন্য ভয়াবহ হবে। তাই আগে থেকেই নিজেদের সংশোধন করতে হবে। তার মতে, বাংলাদেশকে জালিয়াতির কারখানা নয়, বরং উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হতে হবে।  

ড. ইউনূস তরুণদের প্রসঙ্গে বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম।”  

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে আহ্বান জানান, জালিয়াতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তিকে সৎ কাজে ব্যবহার করতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে এবং একটি সহায়ক সরকার গড়ে তুলতে হবে।

Logo