Logo
×

Follow Us

বাংলাদেশ

কানাডার ভিসা জালিয়াতি: ৬০০ পাসপোর্ট ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৪

কানাডার ভিসা জালিয়াতি: ৬০০ পাসপোর্ট ফেরত

ভুয়া তথ্য ও নথি ব্যবহার করে কানাডার ভিসার জন্য আবেদন করায় সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন বস্তাভর্তি করে প্রায় ৬০০টি বাংলাদেশি পাসপোর্ট ফেরত পাঠিয়েছে। পাসপোর্টগুলো প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছে পাঠানো হয়েছে।  

লুৎফে সিদ্দিকী জানিয়েছেন, একটি সংঘবদ্ধ দালালচক্র ভুয়া সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের নামে কানাডার ভিসার আবেদন করছে। যাচাই-বাছাইয়ে এসব আবেদন সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হওয়ায় পাসপোর্টগুলো ফেরত পাঠানো হয়েছে। ধরা পড়ার আশঙ্কা তৈরি হলে দালালচক্র সংশ্লিষ্ট পাসপোর্ট আর সংগ্রহ করতে যায় না। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবারো ভুয়া ভিসার আবেদন করা হয়।  

এ ঘটনায় তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা এই ৬০০ পাসপোর্টধারী এবং কোন চক্রের মাধ্যমে তারা জালিয়াতিতে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতেগোনা কয়েকজন দালাল এ অপকর্মে জড়িত।   

লুৎফে সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। বরং যত দ্রুত সম্ভব বেশি মানুষ বিদেশে পাঠানো হয়, অথচ অভিবাসীদের কল্যাণ উপেক্ষিত থাকে। তিনি জোর দিয়ে বলেন, এখন আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে।  

তিনি আরো বলেন, লিগ্যাল ও স্কিলড মাইগ্রেশন নিয়ে কাজ করার পাশাপাশি ইতালিয়ান সরকারের সঙ্গে বাংলাদেশের কার্যকর সমঝোতা রয়েছে। এসব বিষয় সঠিকভাবে তুলে ধরতে পারলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Logo