Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৯

সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ

সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।  

তৌহিদ হোসেন বলেন, বহু বছর আগে হাতে লেখা পাসপোর্টের যুগে দুর্নীতি ও ত্রুটির কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গিয়েছিল। এখন সৌদি কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিচ্ছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়। কিন্তু অন্যান্য স্বার্থের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমরা এই ৬৯ হাজারকে বাংলাদেশের পাসপোর্ট দেব।”  

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, পাসপোর্ট মানে এই নয় যে তারা বাংলাদেশের নাগরিক। পৃথিবীর বিভিন্ন দেশে নির্দিষ্ট উদ্দেশ্যে অন্য দেশের নাগরিকদেরও পাসপোর্ট দেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত একটি বিশেষ পরিস্থিতি মোকাবিলার অংশ।  

এই সিদ্ধান্ত বাংলাদেশের অভিবাসন ও পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক রক্ষা, অন্যদিকে রোহিঙ্গা সংকটের জটিল বাস্তবতা; দুইয়ের সমন্বয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Logo