দীর্ঘ ১৪ বছর পর আবারো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। ২৯ জানুয়ারি রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে যাত্রী নিয়ে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। ১৬২ আসনের এই ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইটটি রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং টানা তিন ঘণ্টা আকাশে উড়ে করাচিতে পৌঁছাবে।
ঢাকা-করাচি রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা হয়েছিল ২০১২ সালে। এরপর দীর্ঘ বিরতি। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে।
সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত। করাচি বিমানবন্দরে বিমানকে আলাদা একটি স্লট দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য জানাতে হবে এবং নিরাপত্তা নিয়মাবলি কঠোরভাবে মেনে চলতে হবে।
কর্মকর্তাদের মতে, এই সরাসরি ফ্লাইট উভয় দেশের জনগণের যাতায়াত সুবিধা বাড়াবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন পথ উন্মোচন করবে।
logo-1-1740906910.png)