Logo
×

Follow Us

বাংলাদেশ

ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি প্রবাসী শ্রমিকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪

ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি প্রবাসী শ্রমিকদের

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের রেমিট্যান্সে পরিবার চলে, রাষ্ট্রের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ হয়। কিন্তু নানা জটিলতা, দালালচক্র ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় প্রবাসীরা দাবি তুলেছেন অফিস-আদালত ও দূতাবাসে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে সময়োপযোগী ও কার্যকরী ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করতে হবে।  

২৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস সামিটের উদ্যোগে আয়োজিত ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক সম্মেলনে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম মঞ্জুর এবং সঞ্চালনা করেন আহ্বায়ক আব্দুল জলিল খান।  

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সৌদি আরবসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় ধরে বসবাসরত প্রবাসীরা অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা বলেন, বিদেশে যাওয়া-আসার সময় এবং দূতাবাসগুলোতে প্রবাসীদের নানা হয়রানির শিকার হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সেবা পাওয়া যায় না। এ অবস্থার পরিবর্তনে কার্যকর ওএসএস সেবা চালু করা জরুরি।  

বক্তারা আরো বলেন, রেমিট্যান্সযোদ্ধারা যেন কোনোভাবেই প্রতারিত বা শোষণের শিকার না হন, সেদিকে সরকারের কঠোর নজর দিতে হবে। দেশের ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের জমিজমা রক্ষা করতে হবে। একই সঙ্গে সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখার দাবি জানান তাঁরা।  

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, প্রবাসীরা পরিবারের কাছে অর্থ পাঠান, যা পারিবারিক খরচে শেষ হয়ে যায়। রাষ্ট্র চাইলে এই অর্থকে সম্মিলিতভাবে বিনিয়োগে ব্যবহার করতে পারে। বিশেষ করে বৈদেশিক আমদানি, শিল্প-কারখানা তৈরি ও অন্যান্য খাতে বিনিয়োগে কাজে লাগানো যেতে পারে। তিনি বলেন, প্রবাসীরা দেশে ফেরার পর কয়েক বছর ভালোভাবে জীবনযাপন করেন, পরে নিঃস্ব হয়ে যান। তখন তাদের কর্মক্ষমতা থাকে না। সরকার যদি এই অর্থকে সঠিকভাবে বিনিয়োগে ব্যবহার করতে পারে, তবে বিদেশিদের কাছে হাত পাততে হবে না।

Logo