বাংলাদেশ দক্ষ জনশক্তি গড়তে বদ্ধপরিকর: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে।
২৭ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
দৈনিক প্রথম আলোর প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সৌদি তাকামলের সঙ্গে দক্ষতা যাচাই কর্মসূচি (এসভিপি) চুক্তির ফলে বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রতি মাসে প্রায় ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সনদ প্রদান করছে বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল।
তিনি বলেন, শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলওর দশটি মৌলিক কনভেনশন অনুমোদন করেছে। এর মাধ্যমে শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
নতুন আইন প্রণয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এতে ট্রেড ইউনিয়ন গঠন সহজ হবে, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূর হবে এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত শ্রমিক নিয়োগ চুক্তি প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এ বছর রিয়াদে তৃতীয়বারের মতো গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাসচিবসহ ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশ নিয়েছেন।
logo-1-1740906910.png)