নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের আস্থা আছে: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানার পর বিদেশি কূটনীতিকরা কমিশনের প্রতি শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।
২৫ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন কী কী প্রস্তুতি নিয়েছে, তা বিস্তারিতভাবে কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে। তারা কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং স্বচ্ছ নির্বাচনের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।
সিইসি বলেন, “আমরা তাদের জানিয়েছি এখানে কোনো ধরনের অনিয়ম বা লোকচুরির সুযোগ নেই। আমরা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব- এ বিষয়ে তারা আশাবাদী।” তিনি আরো জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কেও কূটনীতিকরা জানতে চেয়েছেন। কমিশন জানিয়েছে, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসারও দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, কূটনীতিকরা আমাদের কর্মপরিকল্পনা ভালোভাবে বুঝেছেন। আমাদের উদ্দেশ্য যে একেবারেই স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন আয়োজনের দিকে ফোকাস করা হয়েছে, তা তারা উপলব্ধি করেছেন। তারা ভবিষ্যতে কমিশনের সঙ্গে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। সিইসি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা নিশ্চিত থাকুন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দর একটি নির্বাচন আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
এর আগে সকাল ১০টা থেকে দ্য ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
সব মিলিয়ে, বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ নির্বাচন কমিশনের জন্য একটি ইতিবাচক বার্তা। তারা মনে করছেন, কমিশনের প্রস্তুতি ও পরিকল্পনা একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)