প্রবাসীদের টাকায় নির্বাচন করবেন সিলেটের অনেক প্রার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৩
সিলেটের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, অর্ধেকের বেশি প্রার্থী তাদের নির্বাচনী ব্যয় মেটাবেন প্রবাসী স্বজন ও শুভানুধ্যায়ীদের দেওয়া অর্থে। ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে ১৭ জনের নির্বাচনী ব্যয়ের বড় অংশ আসছে বিদেশ থেকে। দৈনিক প্রথম আলোর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী সম্ভাব্য ব্যয় করবেন ৬৫ লাখ টাকা। এর মধ্যে নিজের আয় থেকে ব্যয় করবেন ১৫ লাখ, বাকিটা আসবে ফ্রান্স ও যুক্তরাজ্যপ্রবাসী আত্মীয়দের কাছ থেকে। একইভাবে সিলেটের অন্যান্য আসনেও প্রার্থীরা প্রবাসী ভাই-বোন, চাচাতো ভাই, শ্যালক কিংবা শুভানুধ্যায়ীদের কাছ থেকে দান বা ধার নিয়ে নির্বাচনী খরচ মেটাবেন।
হিসাব বিবরণী অনুযায়ী, মাত্র ৯ জন প্রার্থী সম্পূর্ণ বা প্রধানত নিজের আয়ের টাকা ব্যয় করবেন। একজন প্রার্থী সম্পূর্ণ দানের টাকায় নির্বাচন করবেন। বাকিরা স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, দলীয় কর্মী কিংবা টিউশনের আয় থেকে পাওয়া অর্থ দিয়ে খরচ চালাবেন।
আসনভিত্তিক চিত্র:
সিলেট-১ আসন: বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর সর্বাধিক ৫৫ লাখ টাকা ব্যয় করবেন, যার মধ্যে ২৫ লাখ নিজের আয়। বাকিটা আসবে স্ত্রী ও আত্মীয়দের কাছ থেকে। জামায়াতের হাবিবুর রহমান নিজ আয়ের ৩০ লাখ টাকা ব্যয় করবেন।
সিলেট-২ আসন: পাঁচজন প্রার্থীর সবাই প্রবাসী অর্থের ওপর নির্ভরশীল। খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী ২৫ লাখ টাকার মধ্যে ১০ লাখ নিজ আয়ের, বাকিটা প্রবাসীদের কাছ থেকে।
সিলেট-৩ আসন: ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন পুরোপুরি নিজের আয়ে নির্বাচন করবেন। বাকিরা প্রবাসী স্বজনদের কাছ থেকে অর্থ পাবেন।
সিলেট-৪ আসন: ইসলামী আন্দোলনের সাঈদ আহমদ ১১ লাখ টাকার মধ্যে ৩.৫ লাখ প্রবাসী শুভানুধ্যায়ীর কাছ থেকে পেয়েছেন। বিএনপির আরিফুল হক চৌধুরী ৩৫ লাখ টাকা ব্যয় করবেন, যা মূলত নিজের আয়।
সিলেট-৫ আসন: চারজন প্রার্থীর মধ্যে দুজন প্রবাসী অর্থের ওপর নির্ভরশীল। স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ এক ভাইয়ের কাছ থেকে পাওয়া ২৫ লাখ টাকা ব্যয় করবেন।
সিলেট-৬ আসন: বিএনপির এমরান আহমদ চৌধুরীর মতো আরো কয়েকজন প্রার্থী বিদেশি অর্থে বড় অংশ ব্যয় করবেন। জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর ২৫ লাখ টাকার মধ্যে ২২ লাখ পেয়েছেন প্রবাসী আত্মীয়দের কাছ থেকে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি সৈয়দা শিরিন আক্তার বলেছেন, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় এখানে প্রার্থীরা সব সময় প্রবাসী অর্থের ওপর নির্ভর করেন। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত এই প্রবণতা দেখা যায়। এবারের নির্বাচনে তা আরো স্পষ্ট হয়েছে।
logo-1-1740906910.png)