একটি দল প্রবাসীদের ভোট দখল করে নিয়েছে: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর জনগণ ভোট দিতে পারেননি। আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবারো নতুন ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরেই এই কারচুপি হচ্ছে, তাই জনগণকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
২২ জানুয়ারি রাত ১০টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দুপুর থেকেই সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, কসবা, আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সমাবেশ শেষে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং জনতার সঙ্গে হাত মেলান।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আহ্বান জানান, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের কাছেই আদায় করতে হবে।
তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে জনগণের ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছে এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আবার ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছে।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। অন্য ধর্মের মানুষের ওপরও অবিচার হয়েছে, যার কোনো বিচার হয়নি। তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনসভায় তিনি দুটি কার্ড প্রদর্শন করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্লোগান হবে- ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’।
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে বিএনপি ও শরিক দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণের প্রতি আহ্বান জানান তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ছয়জনের মাধ্যমেই এলাকায় সার্বিক উন্নয়ন হবে।
logo-1-1740906910.png)