নির্বাচনকালীন নিরাপত্তার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আবার চালু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে বিদেশি নাগরিকরা আগের মতোই বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই সরাসরি ভিসা সংগ্রহ করতে পারবেন।
১৯ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এরপরই সব দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ইউরোপে অবস্থিত একাধিক বাংলাদেশ মিশনও বিষয়টি নিশ্চিত করেছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
এর আগে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ থাকবে। বিদেশিদের তখন বাংলাদেশ মিশন থেকে ভিসা নিতে বলা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ নির্বাচনকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশের আশঙ্কা থাকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আগত যাত্রীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র, ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য তথ্য যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। কোনো অসঙ্গতি পাওয়া গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রীকে ফেরত পাঠাতে পারবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
logo-1-1740906910.png)