উচ্চশিক্ষার খবর
তুরস্কে স্কলারশিপ: থাকছে টিউশন ফি, বিমান ভাড়াসহ সব সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯
তুরস্ক সরকার ফুল ফান্ডেড স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তি তুর্কিয়ে বুরসলারি নামে অধিক পরিচিত। এই স্কলারশিপের আওতায় বিশ্বের সব দেশের আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশটিতে বায়োটেকনোলজি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র, বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ এক হাজারের বেশি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা। বিভিন্ন প্রোগ্রামে আবেদনের জন্য বয়সও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আবেদনকারীকে মোট পাঁচ ধাপে আবেদন সম্পন্ন করতে হবে।আবেদনের শুরুতে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করে পছন্দের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন করতে হবে। আবেদনের সকল ধাপ বিবেচনায় নিয়ে সব প্রাসঙ্গিক কাগজপত্র বাছাই করে তা স্কলারশিপ কমিটিকে পাঠাতে হবে। সব শেষ ধাপে পছন্দ, ভবিষ্যৎ লক্ষ্য ও প্রত্যাশা জানিয়ে একটি চিঠি দিতে হবে।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রতি মাসে ৮০০ তুর্কি লিরা, মাস্টার্সে ১ হাজার ১০০ তুর্কি লিরা, পিএইচডির জন্য ১ হাজার ৬০০ তুর্কি লিরা আর গবেষণার জন্য প্রতি মাসে ৩ হাজার তুর্কি লিরা দেওয়া হবে।
আবেদনের সাথে ভাষা দক্ষতার প্রমাণ আর পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে একটি গবেষণার প্রপোজাল এবং প্রার্থী ইতোমধ্যে সম্পন্ন করেছেন এমন গবেষণার প্রমাণপত্রও জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬।
logo-1-1740906910.png)