Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরে হেল্প ডেস্কসহ চারটি দাবি প্রবাসী সংগঠনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫

বিমানবন্দরে হেল্প ডেস্কসহ চারটি দাবি প্রবাসী সংগঠনের

দেশের প্রতিটি বিমানবন্দরে প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনসহ চারটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নন রেসিডেন্টস বাংলাদেশ নেটওয়ার্ক।  

১৯ জানুয়ারি বিকেলে সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ওয়ার্ল্ড চ্যাপ্টারের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন।  

চারটি মূল দাবি হলো:

১. বিমানবন্দরে হেল্প ডেস্ক: দেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা হেল্প ডেস্ক স্থাপন।  

২. জেলায় সাপোর্ট অফিসার: প্রতিটি জেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ডেডিকেটেড সাপোর্ট অফিসার নিয়োগ।  

৩. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংস্কার: প্রবাসীদের যাতায়াত ও সেবার মান উন্নয়নে রাষ্ট্রীয় বিমান সংস্থার কাঠামোগত সংস্কার।  

৪. বিদেশে মৃত্যুর পর দাফন-কাফন: দেশের বাইরে কোনো প্রবাসী মারা গেলে বিনা খরচে দাফন-কাফনের ব্যবস্থা নিশ্চিত করা।  

সংগঠনের মতে, প্রবাসীরা বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, অথচ অনেক ক্ষেত্রেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।  

বেলাল হোসেন বলেন, “প্রবাসীদের অবদানকে সম্মান দিলে তারা দেশের জন্য আরো অনেক কিছু করতে পারবেন।”  

সংবাদ সম্মেলনে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। বক্তারা জানান, নর্থ ইংল্যান্ডে প্রায় ২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। ফ্লাইট বন্ধ হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।  

সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রবাসীদের সমস্যা তুলে ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রাজনৈতিক নেতৃত্বের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আহমেদ জাকারিয়া জামি, তাজুল ইসলাম, মাহবুবুল আলম, ইমরান আহমদ, এবং মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল আবিদুর রহমান, অধ্যাপক বাছিত ইবনে হাবীব প্রমুখ।  

সংগঠনটি আশা প্রকাশ করেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রবাসীদের এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

Logo