Logo
×

Follow Us

বাংলাদেশ

হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে তিন এয়ারলাইন্সকে নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:১১

হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে তিন এয়ারলাইন্সকে নির্দেশ

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে হজযাত্রীদের বিমান টিকিট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ১৯ জানুয়ারির মধ্যে টিকিট নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।  

এ অবস্থায় হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে।  

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যাতায়াত করতে হবে। প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে একটি এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ এবং প্রথম ও শেষ ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ টিকিট ইস্যুর বিধান রয়েছে। তবে কোনো ধাপে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।  

চিঠিতে আরো বলা হয়েছে, বিশেষ করে হজযাত্রীদের মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে এয়ারলাইন্সগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সোমবারের মধ্যে টিকিট নিশ্চিত করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এজেন্সিকে অবহিত করতে হবে।  

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি। তাই টিকিট নিশ্চিতকরণে কোনো ধরনের বিলম্ব বা জটিলতা যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

Logo