রাশিয়া থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি, প্রতারণার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬
রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন ৩৫ জন বাংলাদেশি কর্মী। রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তাদের পরিবহনসহ জরুরি সহযোগিতা প্রদান করা হয়।
ফেরত আসা কর্মীদের মধ্যে গাইবান্ধার মশিয়ুর রহমান, মানিকগঞ্জের আসমত আলী, ময়মনসিংহের হাইয়ুল মিয়া, সিরাজগঞ্জের আজাদুল হক, ঢাকার প্রসেনজিৎ রাজবংশী, চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুল্লাহসহ আরো অনেকে রয়েছেন। তারা অভিযোগ করেছেন, বিদেশে কাজের নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতিজন শ্রমিকের গড় খরচ ছিল প্রায় সাত লাখ টাকা।
কর্মীদের দাবি, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠিয়েছে। ইতোমধ্যে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার প্রথম দফায় ৩৫ জন দেশে ফিরেছেন।
অভিযোগ অনুযায়ী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে রিক্রুটিং এজেন্সি কাশিপুর ওভারসিজ (আর.এল-১৩১৭) তাদের রাশিয়ায় পাঠায়। ছাড়পত্রে রাশিয়ান প্রতিষ্ঠান মার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেড ডেভেলপমেন্টের নাম থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাদের নিয়োগ দেওয়া হয় ভিন্ন প্রতিষ্ঠান এলএলসি আলাবুগা ডেভেলপমেন্ট কোম্পানিতে। চুক্তি অনুযায়ী ফ্যাক্টরি শ্রমিক হিসেবে কাজ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করানো হয়।
ভুক্তভোগীরা আরো জানান, দেশে থাকতে প্রথমে জুবায়ের ওভারসিজ নামের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের হাতবদল করা হয়। পরে রিক্রুটিং এজেন্সি টিপিএস-৩৬০ বাংলাদেশ লিমিটেড (আর.এল-৯৯৫) পুরো প্রক্রিয়া সম্পন্ন করে এবং বিএমইটি থেকে ছাড়পত্রের ব্যবস্থা করে। কিন্তু কৌশলে ওই ছাড়পত্রে আরেকটি এজেন্সি কাশিপুর ওভারসিজের নাম ব্যবহার করা হয়।
ফেরত আসা কর্মীরা এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এবং শ্রমিকদের জীবন ও ভবিষ্যৎ বিপন্ন করা হয়েছে।
logo-1-1740906910.png)