Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রতিদিন আসছে ১৫০০ কোটি টাকার প্রবাসী আয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭

প্রতিদিন আসছে ১৫০০ কোটি টাকার প্রবাসী আয়

নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশে প্রবাসী আয় তত বাড়ছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ দশমিক ৮ শতাংশ বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ১৬ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা দেশে প্রবাহিত হচ্ছে।  

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৪ জানুয়ারি একদিনেই এসেছে ১১ কোটি ৩০ লাখ ডলার। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৪৭৮ কোটি ডলার। সে হিসাবে এ অর্থবছরে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬ শতাংশ।  

ব্যাংকাররা আশা করছেন, চলতি মাসের বাকি দিনগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স আসবে। গত ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় হয়েছিল ৩২২ কোটি ডলার, যা নভেম্বরে পাওয়া ২৮৯ কোটি ডলারের চেয়ে ৩৩ কোটি বেশি। বিদায়ী ২০২৫ সালে মোট প্রবাসী আয় ছিল ৩ হাজার ২৮২ কোটি ডলার, যা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান।  

গত বছর প্রবাসী আয়ের গতি ভালো থাকায় ডলারের সংকট দেখা দেয়নি। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে। এর ফলে রিজার্ভ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ২০০ কোটি ডলার। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমে গিয়েছিল ২৬ বিলিয়ন ডলারে, তখন ডলারের দাম বেড়ে ১২৮ টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে সংকট কেটে যাওয়ায় ডলারের দাম কমে ১২২-১২৩ টাকার মধ্যে লেনদেন হচ্ছে।

একাধিক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, বাড়তি যে রেমিট্যান্স আসছে, তার বড় অংশই নির্বাচনী খরচ মেটানোর জন্য পাঠানো হচ্ছে। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, সেখান থেকেই বেশি অর্থ আসছে। অনেক প্রার্থীর জন্য বিদেশে তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা রেমিট্যান্স হিসেবে দেশে আসছে। নির্বাচন ও রমজান মিলিয়ে মার্চ মাস পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Logo