মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩০
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
১৬ জানুয়ারি হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ছয় মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জসহ সংশোধিত ফি নির্ধারণ করা হয়েছে।
সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরিতে ৪৮ পাতার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের ফি ১৪০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ১৬৪ রিঙ্গিত করা হয়েছে। একই ক্যাটাগরিতে ১০ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্টের ফি ২৩৩ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২৭৩ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। ৬৪ পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৬৯৫ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৮১৭ রিঙ্গিত এবং ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৮১০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৯৫৩ রিঙ্গিত করা হয়েছে।
পেশাজীবী ও অন্যান্য ভিসা ক্যাটাগরিতে ৪৮ পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৪৬৫ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৫৪৫ রিঙ্গিত করা হয়েছে। একইভাবে ১০ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্টের ফি ৫৮০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৬৮১ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। ৬৪ পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৬৯৫ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৮১৭ রিঙ্গিত এবং ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৮১০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৯৫৩ রিঙ্গিত করা হয়েছে।
এছাড়া ইএসকেএল সার্ভিস চার্জ হিসেবে সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত দিতে হবে। এই চার্জের মধ্যে রয়েছে আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা।
হাইকমিশন জানিয়েছে, ডলারের বিপরীতে রিঙ্গিতের মান কমে যাওয়ায় সরকারি ফি এবং কল্যাণ তহবিলের সারচার্জ সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসীদের নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে ফি পরিশোধ করে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
logo-1-1740906910.png)