Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

২ আগস্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে আশাবাদী এবং এই আমন্ত্রণকে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তিনি আরো বলেন, এই সম্মেলন বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশও তার অবস্থান তুলে ধরতে পারবে।

গত বছর এই সম্মেলনে প্রায় ৮,৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা। এবারের আয়োজনে বাংলাদেশ সরকারের অংশগ্রহণকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, যা উভয়পক্ষের সুবিধাজনক সময়ে নির্ধারিত হবে।

তথ্যসূত্র: বাসস

Logo