অস্ট্রেলিয়ায় ভিজিটর ভিসায় নতুন নিয়ম, কার্যকর ২৮ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথ সবার জন্য এক নয়। কেউ উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় যান, কেউ চাকরি বা দক্ষতার ভিত্তিতে অভিবাসনের চেষ্টা করেন। আবার ফ্যামিলি ভিসা, ভিজিটর ভিসা কিংবা ওয়ার্কিং হলিডে ভিসায় যাওয়ার সুযোগও রয়েছে।
তবে অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসায় নতুন এবং কঠোর নিয়ম জারি করতে যাচ্ছে দেশটি। আগামী ২৮ নভেম্বর থেকে দেশটির ভিজিটর ভিসায় নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার পর সাধারণভাবে সেখান থেকে স্টুডেন্ট ভিসা বা কাজের ভিসার আবেদন করা যাবে না।
অস্ট্রেলিয়া সরকারের সরকারি ওয়েবসাইটে ১৩ নভেম্বর প্রকাশিত এক সংশোধনীতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সব দেশের ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
অস্ট্রেলিয়ার তিন ধরনের ভিজিটর ভিসায় ‘No Further Stay’ নামে একটি শর্ত বাধ্যতামূলক করা হচ্ছে। এই শর্তের নম্বর ৮৫০৩।
যেসব ভিসায় নতুন নিয়ম কার্যকর হবে, সেগুলো হলো
সাবক্লাস ৬০০ (Visitor Visa)
সাবক্লাস ৬০১ (Electronic Travel Authority)
সাবক্লাস ৬৫১ (eVisitor visa)
এর আগে কিছু ভিজিটর ভিসায় এই শর্ত বাধ্যতামূলক ছিল। অন্য কিছু ভিসায় কর্তৃপক্ষ চাইলে শর্তটি যুক্ত করতে পারত। নতুন নিয়মে তিন ধরনের ভিসাতেই শর্তটি বাধ্যতামূলক করা হচ্ছে।
নতুন নিয়ম ২৮ নভেম্বর ২০২৬ বা তার পরে জমা দেয়া ভিসার আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। যারা এর আগে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে নতুন বাধ্যতামূলক শর্ত স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। তবে কারো ভিসায় আগে থেকেই ৮৫০৩ শর্ত থাকলে তাকে সেই শর্ত মানতে হবে।
নতুন নিয়মে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছে ‘No Further Stay’ শর্ত তুলে নেয়ার আবেদন করা যাবে। তবে এ জন্য উপযুক্ত কারণ থাকতে হবে। আবেদন করলেই ছাড় পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। এছাড়া প্রোটেকশন ভিসার আবেদন এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
logo-1-1740906910.png)