Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বয়স্ক সেবা খাতে কর্মী সংকটের আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

অস্ট্রেলিয়ায় বয়স্ক সেবা খাতে কর্মী সংকটের আশঙ্কা

অভিবাসন কমানোর পরিকল্পনায় অস্ট্রেলিয়ায় বয়স্কদের সেবাযত্ন খাতে কর্মী সংকট আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিদেশি কর্মীদের জন্য আলাদা ‘এসেনশিয়াল স্কিলস ভিসা’ চালুর দাবি জানিয়েছে দেশটির বয়স্কদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এবং অর্থনৈতিক গবেষণা সংস্থা সিইডিএ।

২০ অক্টোবর এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বয়স্কদের আবাসিক সেবাকেন্দ্রের কর্মীদের ৫১ শতাংশই বিদেশে জন্মগ্রহণ করেছেন। এই খাতে চলতি দশকের শেষ নাগাদ আরো প্রায় ১ লাখ ১০ হাজার কর্মী প্রয়োজন হবে বলে জানিয়েছে এজ কেয়ার খাতের সংগঠন এজিং অস্ট্রেলিয়া।

অন্যদিকে, দেশটির বিরোধী জোট চার বছরে অস্থায়ী ভিসার সংখ্যা প্রায় ৬ লাখ ৫০ হাজার কমানোর পরিকল্পনা দিয়েছে। লেবার পার্টি ২০২৭-২৮ অর্থবছর থেকে বছরে নিট অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে আনার লক্ষ্য নিয়েছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা ছিল প্রায় ৩ লাখ। ওয়ান নেশন দল আবার টানা তিন বছর নিট ঋণাত্মক অভিবাসনের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ দেশে আসার চেয়ে বেশি মানুষ দেশ ছেড়ে যাবেন।

সিইডিএর হিসাব অনুযায়ী, শিক্ষার্থী ও সঙ্গীর ভিসার মতো অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় আসা প্রায় ৭০ হাজার ব্যক্তিগত সেবাকর্মী এই খাতে কাজ করছেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, অভিবাসন কমানোর ফলে কর্মী সংকট আরো বাড়তে পারে এবং বয়স্কদের যথাযথ সেবা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তবে বিরোধী জোট বলছে, তাদের পরিকল্পনায় দক্ষ কর্মীদের ভিসার সুযোগ বাড়ানো হবে এবং বয়স্কদের সেবাযত্ন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

Logo