সিডনিতে ১৭-১৮ অক্টোবর বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৬
অস্ট্রেলিয়ার সিডনিতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।
আগামী ১৭ ও ১৮ অক্টোবর সিডনির ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে দুই দিনব্যাপী দুর্গাপূজার আয়োজন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটির ৩২ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজনে থাকছে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষ সম্মাননা ও বিপিএ অ্যাওয়ার্ড।
সম্প্রতি সংগঠনটির উদ্যোগে দশম মহালয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এখন দুর্গাপূজাকে সামনে রেখে চলছে পূজামণ্ডপের সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন ও পূজা ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি। এসব কার্যক্রমে সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা ব্যস্ত সময় পার করছেন।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ বিপিএর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ সম্মাননা প্রদান। সংগঠনটির ৩২ বছরের ইতিহাসে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও কমিউনিটির প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হবে।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে সংগঠনের ঐতিহ্য ও অতীত নেতৃত্বের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। ধর্মীয় উৎসবের পাশাপাশি এ আয়োজন সিডনির বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরো জোরদার করবে বলে আশা করছেন তারা।
logo-1-1740906910.png)