Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় কৃষি শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিসা প্রসেসিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৫

অস্ট্রেলিয়ায় কৃষি শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিসা প্রসেসিং

অস্ট্রেলিয়া সরকার ঘোষণা দিয়েছে, গুরুত্বপূর্ণ অস্থায়ী অভিবাসী কৃষি শ্রমিকদের জন্য ভিসা প্রসেসিংয়ে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেইন প্রোডিউসার্স অস্ট্রেলিয়া (জিপিএ) জানিয়েছে, এই সিদ্ধান্তে কৃষকদের মধ্যে শ্রম সংকট নিয়ে যে আশঙ্কা ছিল তা কিছুটা কমেছে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। কয়েক সপ্তাহের মধ্যে এসব শস্য কাটার মৌসুম শুরু হবে। আর ফসল ঘরে তুলতে অনেকটাই নির্ভর করতে হয় অস্থায়ী অভিবাসী শ্রমিকদের ওপর।

জিপিএ চেয়ারম্যান ম্যাথিউ ম্যাডেন বলেন, “এটি একটি সমাধান। আমরা সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানাই। তবে এখনো স্পষ্ট নয়, কত দ্রুত ভিসা অনুমোদন হবে বা কতজন শ্রমিককে আনা সম্ভব হবে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রক্রিয়ায় কৃষকরা অন্তত জরুরি শ্রমিক আনতে পারবেন।

সরকার জানিয়েছে, ভিসা প্রসেসিংয়ের সময়সীমা হবে তিন মাস। তবে ভিসা বাড়ানোর সুযোগ সীমিত থাকবে। কৃষি সংগঠনগুলো বলছে, আগে যে ওয়ার্কিং হলিডে মেকার ভিসা কয়েক দিনে অনুমোদন হতো, এখন তা কয়েক মাস সময় নিচ্ছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সঙ্গে কাজ করবে। কৃষি খাতে নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা ইতোমধ্যে কোনো কৃষি নিয়োগকর্তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তিন মাসের মধ্যে কাজে যোগ দিতে হবে, তাদের ভিসা দ্রুত প্রসেস করা হবে।

কৃষি খাতের প্রতিনিধিরা বলছেন, ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকট হলে তা শুধু কৃষকদের নয়, পুরো অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। কারণ অস্ট্রেলিয়ার কৃষি রপ্তানি বিশ্ববাজারে বড় ভূমিকা রাখে।

অস্ট্রেলিয়া সরকার অভিবাসন নীতি কঠোর করলেও কৃষি খাতের জন্য বিশেষ ছাড় দিয়েছে। এতে ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে বাস্তবে কত দ্রুত ভিসা অনুমোদন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

Logo